চট্টগ্রাম রবিবার, ০৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় শনাক্ত

হাটহাজারীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় শনাক্ত

হাটহাজারী সংবাদদাতা

৫ জুলাই, ২০২৬ | ১০:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতাই করার অভিযোগে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত মো. বেলাল হোসেন (৩২) ফটিকছড়ি উপজেলার নারায়ণ হাট ইউপির ধলিয়াপাড়া এলাকার মো. বাবুলুর ছেলে। বেলাল দীর্ঘদিন থেকে বায়েজিদ বোস্তামী এলাকার সালাউদ্দিনের বাড়ির নূরুল হক কলোনীতে ভাড়া বাসায় থাকত।

 

আজ রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজী জয়নব কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।

 

পুলিশ সুত্রে জানা গেছে, মোবাইল চোর সন্দেহে জয়নব কোম্পানির বাড়িতে মো. বেলাল হোসেন নামে এ যুবককে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এদিকে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ মরদেহটি থানায় নিয়ে আসে। 

 

হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত অফিসার ডা. আফরোজা জানান, গণপিটুনিতে নিহত ব্যক্তি হাসপাতালে আনার আগে মারা যান।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মো. বেলাল হোসেন নিহত হয়েছেন। সে পেশাদার চোর ছিলো। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এ ঘটনায় একজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট