কক্সবাজারের টেকনাফে জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে শফি উল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী ছিলেন।
আজ রবিবার (৫ জুলাই) কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শফি উল্লাহ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন পাড়া এলাকার বাসিন্দা হাফেজ মোকতার আহমদের ছেলে।
নিহত শফির বড় ভাই সিদ্দিক আহমদ অভিযোগ করে বলেন, দীর্ঘ আট বছর ধরে তাদের বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে রেখেছেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল আহমদ ও তার লোকজন। বিষয়টি একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তারা রাজি হননি। তিনি প্রবাসে থাকাকালে চলাচলের পথ ছেড়ে দেওয়ার জন্য কামাল আহমদ চাঁদা দাবি করেছিলেন। এ ঘটনায় আদালতে দায়ের করা একটি মামলা বিচারাধীন। গতকাল শনিবার মামলার তদন্তে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। তবে পুলিশ পৌঁছানোর আগে থেকে ওৎপেতে থাকা কামাল আহমদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তার চার ভাই আবু বক্কর, হাবিব উল্লাহ ও শফি উল্লাহসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত শফি উল্লাহ মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি বমি করলে তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, মূলত যাতায়াতের পথের জায়গা বিরোধের জেরে দুইপক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ














