কক্সবাজারের পেকুয়ায় টমটমের ধাক্কায় মোহাম্মদ হোছন প্রকাশ মাছন (৫৩) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ হোছন একই এলাকার মৃত নজির আহমদের ছেলে। তিনি স্থানীয় সাংবাদিক দেলোয়ারের বড় ভাই।
শনিবার (৪ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটের দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহাম্মদ হোছন পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাস্তা নিয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতির একটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগায় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।
পূর্বকোণ/পিআর













