চট্টগ্রাম শনিবার, ০৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় যুবককে অপহরণ ও হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সাতকানিয়ায় যুবককে অপহরণ ও হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

৪ জুলাই, ২০২৬ | ১১:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় সরকারি বনায়নের জায়গা দখল নিয়ে বিরোধের জেরে নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৬) নামের এক যুবককে অপহরণ ও হত্যার ঘটনার প্রধান আসামি আকবর হোসেন বাঁচাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

 

আজ শনিবার (৪ জুলাই) রাত ৭টার দিকে উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকবর হোসেন বাঁচা উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার আব্দুর রশিদের ছেলে।

 

র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সরকারি বনায়নের জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে নিহত নুরুল ইসলামের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত ২৩ জুন আসামিরা নুরু ও তার স্ত্রীকে মারধর করেন, যার প্রেক্ষিতে নুরুর স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। এর পরদিন ২৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বড়দুয়ারা ফরেস্ট অফিসের সামনে থেকে নুরুকে অপহরণ করা হয়।

 

অপহরণের পরদিন ২৫ জুন বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকার একটি ব্রিজের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান থানা পুলিশ। প্রথমে বান্দরবান সদর হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জুন সকালে নুরু মারা যান।

 

এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ১ জুলাই নিহতের ছোট ভাই মোহাম্মদ শাহ আলম বাদী হয়ে আকবর হোসেন বাঁচাসহ চারজনের নাম উল্লেখ এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় মামলা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে রোববার (৫ জুলাই) আদালতের নিকট সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট