কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় ৪ বছরের পলাতক আসামি মো. জামাল হোছনকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেপ্তার জামাল উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম গোদারবিল এলাকার সৈয়দ হোছন প্রকাশ সৈয়দ আহমদের ছেলে।
আজ শনিবার (৪ জুলাই) বিকেলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা গেছে, ৩ জুলাই রাত সাড়ে ১১টায় টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া শামীমা ফিলিং স্টেশন এলাকা থেকে জামালকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটনের যাত্রাবাড়ী থানায় ২০২০ সালে একটি মাদক মামলা হয়েছিল। উক্ত মামলায় পরোয়ানা জারির পর থেকে সে দীর্ঘ চার বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গ্রেপ্তার জামালকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ















