চট্টগ্রাম শনিবার, ০৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে চাঁদা না পেয়ে হামলা, সন্তানদের হুমকি দেয়ার অভিযোগ

মিরসরাইয়ে চাঁদা না পেয়ে হামলা, সন্তানদের হুমকি দেয়ার অভিযোগ

মিরসরাই সংবাদদাতা

৪ জুলাই, ২০২৬ | ৮:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদা না দেওয়ায় হামলা এবং সন্তানদের গুমের হুমকি দেওয়ার অভিযোগ তুলে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন হাসিনা আক্তার শিল্পী নামে এক নারী। তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুয়ারু গ্রামের জয়নাল আবেদীন টেন্ডল বাড়ির নিজাম উদ্দিনের স্ত্রী।

 

শনিবার (৪ জুলাই) দুপুরে মিরসরাই প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসিনা আক্তার শিল্পী অভিযোগ করেন, তার স্বামী নিজাম উদ্দিন ২০১৫ সালে স্থানীয় মো. আলাউদ্দিনের কাছ থেকে ৬ শতক এবং ভায়রা আলী আকবরের কাছ থেকে দুয়ারু এলাকায় আরও ১৩ শতকসহ মোট ১৯ শতক জমি ক্রয় করেন। পরে ওই জমিতে ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তারা।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, জমির মূল্য বাবদ আলাউদ্দিনকে সব টাকা পরিশোধ করা হলেও পরবর্তীতে তিনি তাদের ক্রয়কৃত জমিতে লাগানো গাছ কেটে নিয়ে যান এবং জমির মাটি কেটে ফেলেন। একপর্যায়ে তাদের কাছে আরও ৫ লাখ টাকা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে আলাউদ্দিন তার স্বামী, তাকে এবং তাদের ছেলেদের মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

 

হাসিনা আক্তার শিল্পী আরও জানান, এ ঘটনায় তারা চট্টগ্রামের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। ওই মামলায় আলাউদ্দিন গ্রেপ্তারও হয়েছিলেন বলে দাবি করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার স্বামী নিজাম উদ্দিন জাহাজে চাকরি করেন। আলাউদ্দিনের ভয়ে তিনি বাড়িতে আসতে পারছেন না। আলাউদ্দিন জামিনে মুক্ত হওয়ার পর থেকে স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রায়ই তাকে উত্যক্ত করছেন এবং তার ছেলেদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছেন। এ অবস্থায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

তবে অভিযোগ অস্বীকার করে মো. আলাউদ্দিন বলেন, নিজাম উদ্দিন তার কাছ থেকে যে জমি কিনেছেন, তা বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরও মিথ্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি কোনো চাঁদা দাবি করেননি এবং কাউকে হুমকিও দেননি বলে দাবি করেন।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট