কক্সবাজারের চকরিয়ায় বসতভিটার গাছ কাটা নিয়ে বিবাদে জড়িয়ে ছোট ভাই নিজের বড় ভাই নুরুল ইসলাম (৫২)কে কূপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০ টায় খুটাখালী ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত-নুরুল ইসলাম (৫২) হলেন, এলাকার মৃত আলী হোছেনের বড় ছেলে। তবে তিনি পরিবার থেকে আলাদা হয়ে ৬ নং ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করতেন।
ঘাতক-আব্দুর রহিম (৪২) নিহতের আপন ছোটভাই বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নাছির উদ্দিন।
তিনি জানান, শুক্রবার সকালে ছোট ভাই আব্দুর রহিম তার পৈত্রিক বসতভিটার গাছপালা বিক্রি করার জন্যে কাটতে শুরু করেন । এ সময় বাড়ির লোকজন বড়ভাই নুরুল ইসলামকে খবর দেন। পরে বড়ভাই তাকে গাছ না কাটার জন্য বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোটভাই রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাইয়ের পায়ে ও ঘাড়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে বড়ভাই ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন।
পরে বাড়ির মহিলাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি আমরা তাৎক্ষণিক থানার ওসিকে জানিয়েছি এবং ঘটনার পরপরই রহিম পালিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। ঘাতক পলাতক বলে তাৎক্ষণিক তাকে ধরা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক রহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/রাকিব/পারভেজ















