রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার নির্দেশদাতা এবং মূল পরিকল্পনাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
বুধবার (১ জুলাই) নিহত মাসুদের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই দাবি জানান।
হুমাম কাদের চৌধুরী বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে এলাকায় ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। তিনি জানান, মাসুদের হত্যার বিষয়টি তিনি জাতীয় সংসদেও তুলেছেন এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার আলাপ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং প্রধানমন্ত্রীও আশ্বস্ত করেছেন যে জড়িতদের দ্রুত চিহ্নিত করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন বলে তিনি উল্লেখ করেন। অপরাধীদের ধরতে প্রয়োজনে রাঙ্গুনিয়া, রাউজান ও ফটিকছড়িতে চিরুনি অভিযান চালানো হবে বলেও তিনি জানান।
হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ব্যাখ্যা করতে গিয়ে হুমাম কাদের চৌধুরী বলেন, এর পেছনে ‘বালি সিন্ডিকেট’ বা মাফিয়া চক্র জড়িত রয়েছে। মাসুদ চৌধুরী এলাকায় অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন এবং এই অবৈধ ব্যবসা বন্ধ করতে চেয়েছিলেন, যার কারণে তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। তিনি স্পষ্ট করে বলেন, যারা অস্ত্র হাতে নিয়ে খুন করেছে তাদের পাশাপাশি যারা টাকা খরচ করে খুনি ভাড়া করেছে এবং হত্যার পরিকল্পনা করেছে, তাদের বিচারও নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ১৩ জুন রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় মাসুদুল হক চৌধুরী মাসুদকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ১৯ জনকে আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আলোচিত এই মামলায় এ পর্যন্ত আইয়ুবসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মাসুদ চৌধুরীর জনপ্রিয়তা এবং দীর্ঘ ১৭-১৮ বছর ধরে মানুষের পাশে থাকার কথা স্মরণ করে হুমাম কাদের চৌধুরী বলেন, তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়। কবর জিয়ারতের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ















