চট্টগ্রাম বুধবার, ০১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মাদ্রাসা সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: গৃহকর্তার ছেলেকে কুপিয়ে জখম

মাদ্রাসা সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : গৃহকর্তার ছেলেকে কুপিয়ে জখম

চকরিয়া সংবাদদাতা

১ জুলাই, ২০২৬ | ১০:০৪ অপরাহ্ণ

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার রামপুরে ঢেমুশিয়া মুহছেনিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আবদুল মোমেন হেলালীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

 

বুধবার (১ জুলাই) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের কাজলীবাপের চর এলাকায় এই ঘটনা ঘটে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা আবদুল মোমেন অফিসের কাজে ঢাকায় অবস্থান করার সুযোগে একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। ডাকাতদল বাড়ির আলমারি ভেঙে হজ্জের জন্য জমানো নগদ ৮ থেকে ১০ লাখ টাকা এবং স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

 

মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিকের ছেলে দিদারুল হক (২৪) এক ডাকাত সদস্যকে ধরে ফেলেন। এ সময় অন্য ডাকাতরা দিদারকে লক্ষ্য করে মাথায় ও শরীরে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দিদার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

 

মাওলানা আবদুল মোমেনের কন্যা মনি জানায়, তার বাবা হজ্জে যাওয়ার জন্য ওই টাকাগুলো জমিয়ে রেখেছিলেন। ডাকাতির এই নৃশংস ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

 

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী পরিবারটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট