চট্টগ্রাম বুধবার, ০১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে ৬ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লক্ষাধিক টাকা

হাটহাজারীতে ৬ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লক্ষাধিক টাকা

হাটহাজারী সংবাদদাতা

১ জুলাই, ২০২৬ | ৮:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

 

বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ৪ নং ওয়ার্ডের মোবারক আলী তালুকদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে তাদের অন্তত ২০ লক্ষাধিক টাকার আসবাবপত্র ও মালামাল ভস্মীভূত হয়েছে।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাড়ির একটি কক্ষের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

 

তবে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই ওই বাড়ির মামুন, রিয়াজ, মো. আমানউল্লাহ, মো. আসিফ, শহিদ ও নজরুলসহ ছয় জনের ২টি সেমিপাকা ঘর, ২টি কাঁচা ঘর, ১টি রান্নাঘর ও ১টি টয়লেট আসবাবপত্রসহ সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পদক্ষেপ নেওয়ায় পার্শ্ববর্তী বেশ কিছু বাড়িঘর আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।

 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট