চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে বাউরিয়া ইউনিয়নে পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত ও শুনানিতে প্রমাণিত হলে এবং আদালতে অপরাধ স্বীকার করায় তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত যুবক জাহিদ (২৫), বাউরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নোয়াহাট এলাকার জহিরুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমজাদ হোসেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, ইভটিজিং কোনো দুষ্টুমি নয়, এটি একটি সামাজিক অপরাধ। নারীর নিরাপদ চলাচল নিশ্চিত করা একটি সভ্য সমাজের অন্যতম বৈশিষ্ট্য। ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান শুধু আইন প্রয়োগের জন্য নয়, বরং একটি নিরাপদ, সম্মানজনক ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকারের অংশ।
প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় কোনো আপস নয়—সচেতনতা, সামাজিক প্রতিরোধ ও আইনের কঠোর প্রয়োগই হোক সবার অঙ্গীকার বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
পূর্বকোণ/সিজান/পারভেজ















