চট্টগ্রামের রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে আহত চাচাতো ভাই আব্দুল মান্নানের (৩৭) মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবদুল মন্নান সওদাগর হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কবির আহাম্মদের ছেলে এবং ব্যবসায়ী মোহাম্মদ লোকমান সওদাগরের ভাই।
ঘটনার পর থেকে অভিযুক্ত জেঠাতো ভাই শাহাজান পলাতক রয়েছেন। তিনি একই এলাকার সালেহ আহমদের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে হলদিয়া ইউনিয়নের জানিপাথর বাজারে মান্নান সওদাগরের সঙ্গে তার জেঠাতো ভাই শাহাজানের তীব্র কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহাজান ক্ষিপ্ত হয়ে একটি গাছের টুকরো দিয়ে মান্নানের মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার রাতে তার মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতাল সূত্রে মারধরে আহত এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পূর্বকোণ/পিআর

















