চট্টগ্রাম শনিবার, ১৩ জুন, ২০২৬

সর্বশেষ:

সালিশি বৈঠকে ছোট ভাইকে কুপিয়ে জখম, বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা

সালিশি বৈঠকে ছোট ভাইকে কুপিয়ে জখম, বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা

রাউজান সংবাদদাতা

১৩ জুন, ২০২৬ | ৯:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ মীমাংসার লক্ষ্যে আয়োজিত একটি সালিশি বৈঠক শেষে বড় ভাই মুহাম্মদ মামুন মজুমদারের হামলায় ছোট ভাই সাদেক মজুমদার (৪৮) আহত হওয়ার ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (১২ জুন) রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়া পাড়া মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে। হামলার শিকার সাদেক মজুমদার বেসরকারি কোম্পানি সিঙ্গারের সাবেক শাখা ব্যবস্থাপক ছিলেন।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মেটাতে পটিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদ একটি সালিশি বৈঠকের আয়োজন করে। বৈঠকে উভয় পক্ষ একটি সুন্দর সমাধানে একমত হয়েছিলেন। কিন্তু বৈঠক শেষ করে বের হওয়ার সময় বড় ভাই মামুন মজুমদার ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই সাদেক মজুমদারের ওপর হামলা করে তার মাথা ফাটিয়ে দেন। আহত সাদেক মজুমদারকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মিনহাজুল আবেদীন জানান, সাদেক মজুমদারের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং সেখানে ৬টি সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

এই ঘটনায় রাউজান থানায় বড় ভাই মামুন মজুমদারসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট