চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সর্বশেষ:

একমাত্র উপার্জনক্ষম পঙ্কজকে হারিয়ে দিশেহারা পরিবার, পাশে দাঁড়ালেন সাংসদ এনাম

একমাত্র উপার্জনক্ষম পঙ্কজকে হারিয়ে দিশেহারা পরিবার, পাশে দাঁড়ালেন সাংসদ এনাম

পটিয়া সংবাদদাতা

১৩ জুন, ২০২৬ | ৩:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত যুবক পঙ্কজ শীলের (৩৫) পরিবারে এখন শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্ত্রী, বৃদ্ধ মা-বাবা ও তিন বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। এমন পরিস্থিতিতে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে নিহত পঙ্কজের বাড়িতে ছুটে গেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

 

শুক্রবার (১২ জুন) রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা নিজ বাড়িতে গিয়ে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের সান্ত্বনা দেন এবং পঙ্কজের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

 

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এমপি জানতে পারেন, পঙ্কজ শীলই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আয়ে চলত পুরো সংসার। তিনি রেখে গেছেন বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও তিন বছর বয়সী একটি কন্যা সন্তান। হঠাৎ এই মৃত্যু পরিবারটিকে চরম অনিশ্চয়তা ও দুর্দশার মুখে ঠেলে দিয়েছে।

 

শোকাহত পরিবারের সদস্যদের উদ্দেশে এমপি এনাম বলেন, ‘একজন পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারানোর ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। এই পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।’

 

এ সময় তিনি নিহত পঙ্কজের স্ত্রীকে ভবিষ্যতে একটি সরকারি চাকরির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন। পাশাপাশি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দেওয়ার কথাও জানান। এছাড়া পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

 

তিনি আরও বলেন, এ ধরনের মর্মান্তিক ও ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

 

এসময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, মাস্টার শ্যামল কান্তি দে, তাপস দে, বিএনপি নেতা মোহাম্মদ ইসহাক, হাফেজ সোলাইমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ জুন) রাতে পটিয়া উপজেলার জলুয়ার দিঘির পশ্চিম পাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পঙ্কজ শীল। একই ঘটনায় গুরুতর আহত হন আরও একজন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট