চট্টগ্রামে সাতকানিয়া থানা এলাকায় গণপিটুনিতে মো. সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মাইন উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার সাতকানিয়া থানার তালগাঁও এলাকার নসরুল হকের ছেলে। তিনি ওই মামলার ১২ নম্বর এজাহারনামীয় আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মো. সেলিম একজন দুবাই প্রবাসী। গত ছয় মাস আগে সেলিম দুবাই থেকে বাংলাদেশে আসে। দেশে আসার পর বন্ধু সাইফুলের সাথে হঠাৎ করে তার বিরোধ সৃষ্টি হয়। এরপর সাইফুল গত ২৮ মে সন্ধ্যায় বাংলা বাজার এলাকায় সেলিমেক একা পেয়ে সাইফুল ও তার সহযোগীরা মারধর করে বিবস্ত্র অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আহত সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সাতকানিয়া থানায় ৩০ জনকে এজাহারনামীয় ও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৮টায় মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কারখানা এলাকায় অভিযান চালিয়ে মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

















