দিনব্যাপী সফরে পর্যটন নগরী কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকেই মৌসুমি বায়ুর প্রভাবে জেলাজুড়ে বেশ বৃষ্টিপাত হচ্ছে।
শনিবার (১৩ জুন) সকাল ৫০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর এলাকায় পৌঁছালে স্থানীয় প্রশাসন ও দলীয় উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এর আগে সকাল পৌনে ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে তার সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
কক্সবাজার পৌঁছানোর পরপরই প্রধানমন্ত্রী তার পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে রওনা হন। সকাল সাড়ে ১০টায় জেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সরকারপ্রধান তার দিনব্যাপী কর্মসূচি শুরু করবেন। উদ্বোধন শেষে সেখানে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি।
অতিরিক্ত প্রেস সচিব জানান, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং খাল খননসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি শেষ করে আজ রাতেই বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে দীর্ঘ প্রতীক্ষিত এই সফরকে কেন্দ্র করে সমুদ্রসৈকতের জেলা কক্সবাজারে সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো শহর ও সভাস্থল। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ


















