চট্টগ্রাম শুক্রবার, ১২ জুন, ২০২৬

সর্বশেষ:

বাজেটকে স্বাগত জানিয়ে ফটিকছড়িতে বিশাল আনন্দ মিছিল

বাজেটকে স্বাগত জানিয়ে ফটিকছড়িতে বিশাল আনন্দ মিছিল

ফটিকছড়ি সংবাদদাতা

১২ জুন, ২০২৬ | ৯:১৪ অপরাহ্ণ

সদ্য ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) বিকেলে ফটিকছড়ি আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

 

আনন্দ মিছিলটি ফটিকছড়ি সদরস্থ বিএনপির পার্টি অফিস থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা চত্বরের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি সমাপ্ত হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে উপস্থাপিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং অত্যন্ত সময়োপযোগী। তিনি উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক মন্দা ও অর্থনৈতিক পরিস্থিতির মাঝেও এই বাজেটে সাধারণ মানুষের স্বস্তি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর করছাড় দেওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান এবং একে একটি ‘সাধারণ মানুষের বাজেট’ হিসেবে অভিহিত করেন।

 

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, এই বাজেটের মাধ্যমে দেশীয় শিল্প সুরক্ষা নিশ্চিত হবে এবং বাংলাদেশ ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে যাবে। সরকারের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণ শিথিল করা এবং মানবসম্পদ উন্নয়ন করা।

 

কর্মসূচিতে সরোয়ার আলমগীরের সাথে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী এবং জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন। এছাড়াও সমাবেশে মহিউদ্দিন আজম তালুকদার, এজহার মিয়া, শাহনেওয়াজ সেবুল, আবুল কালাম আজাদ, মুনসুর আলম চৌধুরীসহ উপজেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট