কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে নুর কামাল (৩৮) নামে মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরকারি কর্তব্য পালনে বাধা প্রদান করায় ওই আসামির স্ত্রীকেও আটক করা হয়।
শুক্রবার (১২ জুন) দুপুরে নাইট্যংপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুর কামালের বিরুদ্ধে ২০১৯ সালের ডিসেম্বরে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছিল। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড) প্রদান করেছিলেন।
বর্তমানে আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















