চট্টগ্রাম শুক্রবার, ১২ জুন, ২০২৬

সর্বশেষ:

অতিরিক্ত লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

অতিরিক্ত লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

কাপ্তাই সংবাদদাতা

১২ জুন, ২০২৬ | ৭:২৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অতিরিক্ত লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় কাপ্তাই নতুন বাজার সড়কের পাশে দাঁড়িয়ে সর্বস্তরের জনসাধারণের পক্ষে ‘কাপ্তাই ইয়ুথ ক্লাব’ এই প্রতিবাদ সভার আয়োজন করে।

 

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে কাপ্তাইয়ের উৎপাদিত বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে যুক্ত হয়ে সারাদেশকে আলোকিত করছে, সেখানে কাপ্তাইয়ের স্থানীয় বাসিন্দারাই আজ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত। বর্তমানে দিন ও রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না এবং প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। এর ফলে স্থানীয় সাধারণ শিক্ষার্থীদের লেখা-পড়া, ব্যবসায়ী-বাণিজ্য এবং সরকারি-বেসরকারি শিল্প-কারখানার উৎপাদন খাতে ব্যাপক ধস নেমেছে। বিদ্যুতের এই অসহনীয় যন্ত্রণায় সাধারণ মানুষের জীবন বর্তমানে অতিষ্ঠ হয়ে উঠেছে।

 

কর্মসূচিতে বক্তব্য রাখেন কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন জিথু, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম, ইউপি সদস্য ইমান আলী, ব্যবসায়ী কামাল উদ্দিন এবং বিএসপিআই শিক্ষার্থী মো. আবু সাইম।

 

মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনকে সতর্ক করে আল্টিমেটাম দেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করা না হলে পরবর্তী শুক্রবার আরও কঠোর কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল করা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট