চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

সর্বশেষ:

চরম দুর্ভোগে পেকুয়া ও বাঁশখালী উপজেলার মানুষ, সেতু নির্মাণের দাবি

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৬ | ৯:১৯ অপরাহ্ণ

একটি পাকা সেতুর অভাবে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়ার প্রায় ৮টি গ্রামের মানুষ। নৌকা দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে খাল পারাপার হতে বাধ্য হচ্ছেন দুই উপজেলার রাজাখালী ও ছনুয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ। এবার জলকদর খালের ওপর ‘ছনুয়া-ভাঙাখালী’ ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে রাজাখালী-ছানুয়ার শত শত মানুষ। মানববন্ধনে অংশ নেন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বুধবার (১০ জুন) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু ইউসুফের সঞ্চালনায় ও চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্রদল নেতা হাসান মুহাম্মদ জুনায়েদ রাসেলের সভাপতিত্বে ছনুয়ার ছেলবন এলাকায় ভাঙা সাঁকোর পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী বিএনপির সাবেক সদস্য সচিব সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন, এড. সরওয়ার কামাল, রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল আজিম, কাইসার হামিদ, আতিক, পারবেজ আলম বাচ্চু, আব্দুস সবুর, ওয়াহিদুল আলম সিকদার প্রমুখ।
এতে বক্তারা বলেন, ভৌগোলিক ও প্রশাসনিকভাবে ছনুয়া ইউনিয়ন বাঁশখালীর অন্তর্ভুক্ত হলেও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন প্রয়োজনের ক্ষেত্রে এলাকার মানুষ মূলত পেকুয়া উপজেলার ওপর নির্ভরশীল। ছনুয়া ইউনিয়ন থেকে বাঁশখালী পৌরসভার কার্যত দূরত্ব ২৫ কিলোমিটারেরও বেশি হলেও পেকুয়া পৌরসভার দূরত্ব ১০ কিলোমিটারের কম। স¤প্রতি পেকুয়াকে পৌরসভা ঘোষণার ফলে এই নির্ভরশীলতা আরও বৃদ্ধি পাবে।
তারা আরও বলেন, পেকুয়া-চকরিয়া আসনের সাংসদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী পথসভায় রাজাখালী-ছনুয়ার মধ্যে একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুত দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে এবং মানুষের দুর্ভোগ লাগবে দ্রুত সময়ের মধ্যে ‘ছনুয়া-ভাঙাখালী ব্রিজ’ নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এহছান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট