চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবরে শোকাহত ছোট ভাইও মারা গেলেন 

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবরে শোকাহত ছোট ভাইও মারা গেলেন 

বাঁশখালী সংবাদদাতা 

১১ জুন, ২০২৬ | ১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ট্রেন দুর্ঘটনায় শাহাব উদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁর শোকাহত ছোট ভাই মোহাম্মদ পেয়ারুও মারা গেছেন। একই দিনে দুই সহোদরের মৃত্যুতে পরিবারসহ বাঁশখালী বাহারছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

বুধবার (১০ জুন) সন্ধ্যায় নগরীতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন-বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি এলাকার  শাহাব উদ্দিন (৭৭) ও তাঁর ছোট ভাই মোহাম্মদ পেয়ারু (৬৬)। তাঁরা  দুজন মৃত ছাবের আহমদের ছেলে। মোহাম্মদ শাহাব উদ্দিন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ছিলেন। তিনি বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবির বড় ভাই।

 

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নগরীর ২ নম্বর গেট এলাকায় পরিবারের প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন শাহাব উদ্দিন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহতের ছোট ভাই ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবি বলেন, বড় ভাই শাহাব উদ্দিনের মৃত্যুর খবর পরিবারের সদস্যদের কাছে পৌঁছানোর পর অসুস্থ মোহাম্মদ পেয়ারু গভীরভাবে মর্মাহত হন। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর রহমাননগর এলাকার নাসিরাবাদে নিজ বাসভবনে মারা যান। কয়েক ঘণ্টা ব্যবধানে দুই সহোদরের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

 

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস বলেন, নগরীতে ট্রেন দুর্ঘটনায় এক ভাইয়ের মৃত্যুর পর ভাইয়ের শোকে  হৃদরোগে আক্রান্ত হয়ে ছোট ভাইয়েরও মৃত্যু হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট