চট্টগ্রাম বুধবার, ১০ জুন, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে ছেলের সামনে ছুরিকাঘাতে মাকে হত্যা, ৩ নারী ধরা

অনলাইন ডেস্ক

১০ জুন, ২০২৬ | ৩:৪৩ অপরাহ্ণ

কক্সবাজার সদরের টেকপাড়ায় ঘরে ঢুকে সানজিদা আক্তার (রেশমি) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাতে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়। নিহত নারীর নাম সানজিদা আক্তার রেশমি।

জানা গেছে, রেশমি স্থানীয় একটি মুদির দোকান থেকে নিয়মিত বাজার করতেন। বকেয়া খাতায় কেনাকাটার সুবাদে ওই দোকানের ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে তার পরিচয় ও পরবর্তীতে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে শফিউল আলমের স্ত্রী ইয়াসমিনসহ আরও চার-পাঁচজন নারী সানজিদার ওপর চড়াও হন। সানজিদার বাসায় গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তাকে লক্ষ্য করে আকস্মিক ছুরিকাঘাত করে। এ সময় সানজিদা এবং তার পাশে থাকা ১২ বছর বয়সী ছেলে সাব্বির চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে আসেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে হামলাকারী নারীদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে গুরুতর আহত অবস্থায় সানজিদাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী। তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্ত ৩ নারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট