চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পুকুরে ডুবে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত ফাহিমা তাসলিম সাদিয়া বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইলশা গ্রামের সিরাজ কাজীর বাড়ির মৌলানা হাফেজ ফরিদুল আলমের কন্যা। তিনি চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, কলেজছাত্রী সাদিয়া পুকুর ঘাটে হোঁচট খেয়ে পা পিছলে পড়ে যায়। ছোট বোন পুকুর ঘাটে এসে বড় বোনকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মমতাজ উদ্দিন। তিনি বলেন, ফজরের নামাজের অজু করতে পুকুর গেলে হোঁচট খেয়ে পা পিছলে পড়ে যায় তাসলিমা।
নিহতের নানা মাওলানা রশিদ আহমদ বলেন, ফজরের নামাজের ওজু করতে গিয়ে পুকুরঘাটে হোঁচট খেয়ে সাদিয়া পানিতে পড়ে যায়। সে সাঁতার জানত না। পানিতে পড়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/পিআর


















