চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রাউজানে বাইরে থেকে তালা লাগিয়ে অটোরিকশা চালকের গরু চুরি

রাউজানে বাইরে থেকে তালা লাগিয়ে অটোরিকশা চালকের গরু চুরি

রাউজান সংবাদদাতা

১০ জুন, ২০২৬ | ২:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে মো.সালাউদ্দিন নামে এক সিএনজি অটোরিকশা চালকের শেষ সম্বল দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামে এই ঘটনা ঘটে।

 

মো.সালাউদ্দিন ওই গ্রামের মোহছেন আলীর বাড়ির মরহুম এজহার মিয়ার ছেলে। পেশায় ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা চালক সালাউদ্দিন অত্যন্ত কষ্ট ও অভাব-অনটনের মধ্য দিয়ে সংসার চালান।

 

কৌশলে গৃহবন্দী করে চুরি ভুক্তভোগী সালাউদ্দিন জানান, গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল সালাউদ্দীনের বসতঘরের বাইরে থেকে দরজার সিটকিনি ও তালা লাগিয়ে দেয়, যাতে চুরির বিষয়টি টের পেলেও তিনি ঘর থেকে বের হতে না পারেন। এরপর চোরেরা গোয়াল ঘরে ঢুকে তার গরু দুটি চুরি করে নিয়ে পালিয়ে যায়।

 

ঘটনার পর পার্শ্ববর্তী একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হলে সেখানে গরু চুরি করে নিয়ে যাওয়ার কিছু আলামত পাওয়া যায়। স্থানীয়দের দাবি, ফুটেজে গভীর রাতে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে গরু দুটি তাড়িয়ে নিয়ে যেতে দেখা গেছে।

 

দিশেহারা পরিবার ও স্থানীয়দের ক্ষোভ পেশাগত আয়ের পাশাপাশি বাড়তি আয়ের আশায় অনেক কষ্ট করে গরু দুটি লালন-পালন করছিলেন সালাউদ্দিন। এই শেষ সম্বলটুকু হারিয়ে তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। দিশেহারা হয়ে পড়েছে তার পুরো পরিবার।

 

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে স্থানীয় বিএনপি নেতা এম এনাম হোসেন বলেন, ‘ভুক্তভোগী সালাউদ্দিন একজন অত্যন্ত অসহায় ও সম্বলহীন ব্যক্তি। ভাড়ায় সিএনজি অটোরিকশা চালিয়ে কোনোমতে তার দিন কাটে। গরু দুটি চুরি হওয়ায় তার অপূরণীয় আর্থিক ক্ষতি হয়ে গেল।’

 

তিনি আরও বলেন, উত্তর গুজরা গ্রামসহ পুরো ইউনিয়নে ইদানীং চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। একই সঙ্গে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবারও বৃদ্ধি পেয়েছে, যার ফলে গ্রামবাসী চরম নিরাপত্তাহীনতা ও ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও হতাশাজনক বলে দাবি করেন তিনি।

 

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, এই চুরির ঘটনায় রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

 

রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দীন দেওয়ান জানান, গতকাল রাতে গরু চুরির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত্য ব্যবস্থা নেয়া হবে। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট