চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পরে ৩০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। তবে আহত নারী পরিচয় জানা যায়নি।
বুধবার (১০ জুন) সকাল ৮টার দিকে বেঙ্গুরা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ওই নারীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনা কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শাহরিয়ার বলেন, সকাল পৌনে ৯টার দিকে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. মোকতেয়ার বলেন, ‘সকালে বেঙ্গুরা রেল গেট এলাকায় কক্সবাজারমুখী ট্রেনের ছাদ থেকে এক নারী পড়ে আহত হয়েছেন। তিনি অজ্ঞান হয়ে যাওয়া নাম পরিচয় বলতে পারেননি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, ‘সকাল ৮টার দিকে সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে বেঙ্গুরা স্টেশন পার হওয়ার সময় এক নারী পড়ে আহত হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম থেকে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্য গেছে।’
পূর্বকোণ/পিআর


















