চট্টগ্রামের মিরসরাইয়ে দিনদুপুরে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক হয়েছেন দুই যুবক।
মঙ্গলবার (৯ জুন) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের হাজ্বীশ্বরাই গ্রামের ইকবাল হোসেনের ছেলে মেহেদী হাসান আকাশ (২১) এবং পিরোজপুর সদর উপজেলার কান্দাডুবি গ্রামের হাবিব শেখের ছেলে মো. সায়েদ শেখ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপীনাথপুর এলাকায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার খুলতে দেখা যায় দুই যুবককে। এ সময় এলাকাবাসী তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের বিদ্যুৎ বিভাগের কর্মী বলে দাবি করেন। তবে তাদের আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাদের আটকে রাখেন।
পরে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দুই যুবককে শনাক্ত করেন। তারা বিদ্যুৎ বিভাগের কোনো কর্মী নন এবং ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে নিশ্চিত করেন। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাদের মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত দুই যুবককে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।”
পূর্বকোণ/সিজান/পারভেজ

















