চট্টগ্রাম বুধবার, ১০ জুন, ২০২৬

প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা

প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা

সীতাকুণ্ড সংবাদদাতা

৯ জুন, ২০২৬ | ১১:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম সীতাকুণ্ডে একটি সাদা প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (৮ জুন) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড়দারোগারহাট এলাকা থেকে কারটি জব্দ করা হয়। তবে পুলিশের অভিযানকালে অন্ধকার স্থানে গাড়ি থামিয়ে আরোহীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান কার যোগে আসতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় ঢাকামুখী একটি সাদা প্রাইভেট কারকে থামার সংকেত দিলে সেটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে আরোহীরা বড়দারোগারহাট স্কেলের পাশে গাড়িটি থামিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, পালিয়ে যাওয়া আরোহীদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই ছিল।

 

পরবর্তীতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. রাসেলের উপস্থিতিতে গাড়িটিতে পুনরায় তল্লাশি চালানো হয়। এ সময় কারের ভেতরে একটি রহস্যজনক গ্যাসের সিলিন্ডার বা ট্যাংকি দেখতে পায় পুলিশ। সেটি খোলার পর তার ভেতর থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, পুলিশ মাদক নির্মূলে সবসময় তৎপর রয়েছে। উদ্ধারকৃত কারটির প্রকৃত মালিক কে, তা অনুসন্ধানের কাজ চলছে। মালিকের পরিচয় পাওয়া গেলেই এই ইয়াবা চালানের মূল হোতাদের চিহ্নিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

অভিযান পরিচালনাকালে ওসির নেতৃত্বে এসআই জাফর, এসআই আশরাফসহ পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। পুলিশ বর্তমানে জব্দকৃত প্রাইভেট কারটি থানা হেফাজতে রেখেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট