চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বরদোনা শরিফ পাড়া এলাকায় রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিপু কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকার শাহজাহানের ছেলে। তিনি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টিপু কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, ট্রেনের দুর্ঘটনায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই টিপুর মৃত্যু হয়েছে।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, “দুর্ঘটনার বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।”
পূর্বকোণ/সিজান/পারভেজ
















