চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সর্বশেষ:

মোটরসাইকেলে তুলে স্কুলছাত্রীকে অপহরণ, মামলা দায়ের

মোটরসাইকেলে তুলে স্কুলছাত্রীকে অপহরণ, মামলা দায়ের

হাটহাজারী সংবাদদাতা

৯ জুন, ২০২৬ | ৯:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া তের বছর বয়সী এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০) এবং মো. শাহাদাত (২২) নামের তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

সোমবার (৮ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ উদালিয়া গ্রাম এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।

 

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী তার নিজ বসতঘরের সামনের রাস্তায় থাকা অবস্থায় পূর্ব থেকে ওত পেতে থাকা ওই এলাকার হাজী সোলায়মানের পুত্র মো. রবিউল আলম তাকে জোরপূর্বক অপহরণ করে। এই কাজে তাকে সহায়তা করেন একই এলাকার মোজাফফরের পুত্র নুরুল আলম এবং মো. সুলতানের পুত্র মো. শাহাদাত। অভিযুক্তরা অপহরণের জন্য একটি মোটরসাইকেল ব্যবহার করে।

 

ভুক্তভোগীর মা বাদী হয়ে এই অপহরণ মামলাটি দায়ের করেন। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তবে এই বিষয়ে বিস্তারিত জানতে বাদীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পুলিশ ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পদক্ষেপ নিচ্ছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট