চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় এক নারীসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) রাতে ফটিকছড়ি বিবিরহাট এএইচ শপিং কমপ্লেক্স থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার বক্তপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় মহিলা লীগ নেত্রী সুমি আক্তার (সাবেক ইউপি সদস্য) এবং কম্পিউটার অপারেটর উজ্জ্বল বড়ুয়া।
স্থানীয়রা জানান, সোমবার (৮ মে) রাতে সুমি আক্তার এ এইচশপিং কমপ্লেক্সের শাউন ভিশন নামক প্রেসটিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লিফলেট তৈরির কাজ করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে তাদের আটকে রাখেন।
এ বিষয়ে ফটিকছড়ি পৌরসভা যুবদলের সহ-সভাপতি মো. ইব্রাহীম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের হাতেনাতে ধরে। পরে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, নিষিদ্ধ সংগঠনের প্রচারপত্র ছাপানোর অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
পূর্বকোণ/নাজমুল/এএইচ

















