খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়ের চূড়ায় বাণিজ্যিকভাবে বিদেশি জাতের আঙুরের চাষ করা হচ্ছে। উপজেলার মেরুং ইউনিয়নের ভূঁইয়াছড়ি এলাকার বাসিন্দা মো. সালাউদ্দিন নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি ব্যতিক্রমধর্মী বিদেশি জাতের এই আঙুর বাগান। ইউটিউব ও ফেসবুক থেকে অনুপ্রাণিত হয়ে ২০২৩ সালে অনলাইনে ইউক্রেনের ‘বাইকুনুর’ জাতের মাত্র দুটি চারা ১৪০০ টাকা দিয়ে কিনে শুরু হয় তার যাত্রা। আজ বাণিজ্যিক সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে তার বাগানটি।
বর্তমানে প্রায় ১৫ শতক জমিতে গড়ে উঠেছে সালাউদ্দিনের স্বপ্নের বাগান। খাগড়াছড়িতে বিদেশি জাতের মিষ্টি আঙুর চাষে তিনিই প্রথম। তার বাগান দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। অনেকেই চারা কিনে নিয়ে যাচ্ছেন।
সালাউদ্দিন জানান, তার বাগানে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৬০ ধরনের আঙুরের জাত রয়েছে। ফেসবুক, মেসেঞ্জার ও অনলাইন গ্রুপের মাধ্যমে রাশিয়া, ইউক্রেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের চারা সংগ্রহ করেছেন তিনি। তার বাগানে রয়েছে বাইকুনুর, ডি পিঙ্ক, বাইকিং,গ্লুরি , ডিক্সন, দাসোনিয়া, মেডরো ব্ল্যাক, চীনের চ্যাং ফিঙ্গার ও মালয়েশিয়ার গ্রিন লং, সিসিলি, রেড গ্লোব, আইসবার্গ, আর্লি রেড, ব্ল্যাক ম্যাজিক, এলব্রোস ও রেড রোজসহ বিভিন্ন জাতের আঙুর।
চলতি বছর তার বাগানে প্রায় ৫০০ থেকে ৬০০ কেজি আঙুর উৎপাদন হয়েছে। শুধু ফল উৎপাদন নয়, গ্রাফটিং ও রুট পদ্ধতিতে উৎপাদিত আঙুরের চারা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে অর্থ উপাজনও করছেন। প্রতি বছর মৌসুমে প্রায় ৪ থেকে ৫ হাজার চারা বিক্রি করেন, যার প্রতিটির দাম ২০০ থেকে ১ হাজার টাকা। বাগান তৈরিতে এখন পর্যন্ত প্রায় ২ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান সালাউদ্দিন।
তিনি বলেন, সঠিক পদ্ধতি জানা থাকলে জৈব সার ব্যবহার করে সহজেই আঙুর চাষ করা সম্ভব। ভবিষ্যতে আঙুর চাষকে আরও বিস্তৃত করাই লক্ষ্য তার। তবে পাহাড়ের চূড়ায় বাগান হওয়ায় মাঝেমধ্যে পানির সংকটে পড়তে হয়েছে তাকে। সরকারের কাছ থেকে সহযোগিতা পেলে তার এ আঙুর ফলের বাগানকে বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে সম্প্রসারিত করার আশা প্রকাশ করেছেন সালাউদ্দিন।
দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, দীঘিনালায় সাহসিকতার সঙ্গে একমাত্র উদ্যোক্তা হিসেবে আঙুর বাগান গড়ে তুলে দৃষ্টান্ত স্থাপন করেছেন সালাউদ্দিন। কৃষি অফিস থেকে তার বাগান নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে প্রতিনিয়ত।
পূর্বকোণ/রাকিব


















