চট্টগ্রাম সোমবার, ০৮ জুন, ২০২৬

সর্বশেষ:

জনতার ধাওয়ায় অস্ত্রসহ আটক ছিনতাইকারী, ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার

জনতার ধাওয়ায় অস্ত্রসহ আটক ছিনতাইকারী, ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার

রাউজান সংবাদদাতা

৮ জুন, ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে এনজিও কর্মীর টাকা ছিনতাই করে পালানোর সময় নিসাদ বড়ুয়া নামে এক অস্ত্রধারী ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। আটক নিসাদ বড়ুয়া উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের নতুন বাজার এলাকার টিপু বড়ুয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে একটি এলজি (স্থানীয় তৈরি আগ্নেয়াস্ত্র) এবং ছিনতাই হওয়া নগদ ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয় । পাশাপাশি ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিসহ চালককে আটক করা হয়েছে।

 

আজ সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কাপ্তাই সড়কের মোহাম্মদজম্মান এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এনজিও কর্মী শাহিন আক্তার কিস্তির টাকা সংগ্রহ করে কাপ্তাই সড়কের পাশে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিকশা ও তিনটি মোটরসাইকেলে আসা একদল ছিনতাইকারী অতর্কিত তার ওপর হামলা চালায় এবং তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ভুক্তভোগী নারীর চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় স্থানীয়রা অস্ত্রধারী নিসাদ বড়ুয়াকে (৪৫) টাকার ব্যাগসহ হাতেনাতে ধরে ফেলে।

 

খবর পেয়ে চুয়েট পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিসাদ বড়ুয়াকে উদ্ধার করে এবং ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করেন রাউজান চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইন ইবনে নাঈম। তিনি বলেন, আটক নিসাদ বড়ুয়াকে অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আটক সিএনজি চালককে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট