চট্টগ্রাম সোমবার, ০৮ জুন, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে জোড়া খুনের প্রধান আসামি জিয়া গ্রেপ্তার

কক্সবাজারে জোড়া খুনের প্রধান আসামি জিয়া গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

৮ জুন, ২০২৬ | ১০:৪০ অপরাহ্ণ

কক্সবাজার শহরের বহুল আলোচিত আসিফ ও হৃদয় জোড়া হত্যা মামলার প্রধান আসামি জিয়াউর রহমান জিয়া (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

রবিবার (৭ জুন) দিবাগত গভীর রাত ৩টার দিকে রামু উপজেলার উখিয়ার ঘোনা (গনিয়াকাটা) নামক দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়া কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী (ইসলামপুর) এলাকার মৃত নজির আহমেদের ছেলে।

 

ঘটনার বিবরণে জানা যায়, গত ২ জুন রাত ১১টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আসিফ ও হৃদয় নামের দুই যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। এই জোড়া খুনের ঘটনায় পুরো জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ৫ জুন নিহত আসিফের বাবা মো. ইসমাইল বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে জিয়াকে ১ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়।

 

মামলা রুজুর পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে র‍্যাব-১৫। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে, আইনি প্রক্রিয়া এড়াতে প্রধান আসামি জিয়া রামুর দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করে আছেন। পরে সেখানে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া জোড়া খুনের পর নিজেকে আড়াল করতে পাহাড়ে লুকিয়ে থাকার কথা স্বীকার করেছেন।

 

র‍্যাব-১৫-এর কর্মকর্তা আ ম ফারুক জানান, গ্রেপ্তারকৃত জিয়ার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় এই জোড়া হত্যা মামলা ছাড়াও আরও আটটি মামলা রয়েছে, যার মধ্যে দুটি হত্যা ও একটি মাদক মামলা। তাকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট