টেকনাফে সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজাসহ তিনজন মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (৮ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী শাখা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে, সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে বোটটি এবং একটি বস্তা সমুদ্রে ফেলে দেয়। পরবর্তীতে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটি ধাওয়া করে আটক করে এবং সমুদ্র থেকে ফেলে দেওয়া বস্তাটি উদ্ধার করে। তল্লাশি চালিয়ে বোটে আরও একটি বস্তা পাওয়া যায়।
উদ্ধারকৃত দুই বস্তা থেকে মোট ২৭ কেজি গাঁজা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা। মাদক পাচারের অভিযোগে তিনজনকে আটক করার পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত বোটও জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















