চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য বাড়িঘর ভাংচুর ও মাকে মারধরের অভিযোগ পেয়ে এক তরুণকে আটক করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আরও দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আটক শহীদুল্লাহ (১৯) বাড়ি উপজেলার শীলকূপ ইউনিয়নের মুলকিরচর এলাকায়। অপর দণ্ডপ্রাপ্ত মাদকাসক্তরা হলো- জামাল হোসেন (৪২) ও মো.মাইনুদ্দিন (২৯)।
স্থানীয়রা জানান, শহীদুল্লাহ্ প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় অশ্লীল ভাষায় গালাগালি এবং এলাকায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতেন। তার আচরণে পরিবার ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল।
শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নূরী জানান, মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে মায়ের মুখে ছেলের অপকর্মের ফিরিস্তি শুনেছি।
বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন বলেন, ‘তার মা অভিযোগ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে যান। পরে শহীদুল্লাহর মা আমাদের কাছেও অভিযোগ নিয়ে আসেন। তারপর আমরা তাকে আটক করি। মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযুক্তের মা নিজে উপস্থিত হয়ে ছেলের দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।’
তিনি আরও বলেন, ‘মাদকের টাকা জোগাড় করতে তার ছেলে নিয়মিত মোবাইল ফোন চুরি করত এবং এ পর্যন্ত তার বিরুদ্ধে ২০টিরও বেশি মোবাইল চুরির অভিযোগ রয়েছে।’
ম্যাজিস্ট্রেট আকন বলেন, ‘সবচেয়ে হৃদয়স্পর্শী বিষয় হল, যখন অভিযুক্তের মা প্রশাসনের কাছে নিজের সন্তানের শাস্তি প্রার্থনা করেন। মা জানান, ছেলের লাগামহীন আচরণ ও মাদকাসক্তির কারণে পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। ভবিষ্যতে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়াতে তিনি নিজেই ছেলের কারাদণ্ড কামনা করেন।’
উপস্থিত সাক্ষ্যপ্রমাণ, স্থানীয়দের বক্তব্য এবং অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত শহীদুল্লাহ্কে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
আদালতের অভিযান পরিচালনাকালে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে ,মা নিজে উপস্থিত হয়ে দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।
পূর্বকোণ/পিআর

















