চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডাকাতি মামলার আরেক আসামি মো. ইমরানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জয়নগর মাতাব্বর টিলার আজিম উদ্দিনের ছেলে।
রবিবার (৭ জুন) জয়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর সিকদার চক এলাকার আব্দুল কুদ্দুস মাস্টারের বাড়িতে হানা দেয়। ডাকাতরা বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির মালিক মোহাম্মদ আবদুল কুদ্দুস, তার স্ত্রী ও মেয়েকে মারধর করে জিম্মি করে ফেলে।
ডাকাতরা ঘরে থাকা প্রায় ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জনতা রকিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় পরদিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ডাকাতি মামলা রুজু করা হয়েছে। মামলায় ৫ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৯-১০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ পূর্বকোণকে জানান, গ্রেপ্তার মো. ইমরান ডাকাতি মামলার ৪ নম্বর আসামি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/পিআর

















