কক্সবাজারের টেকনাফে ডিউটিরত পুলিশ সদস্য ও একটি মামলার গ্রেপ্তার আসামিকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুই উপ-পরিদর্শকসহ (এসআই) অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করে চালক-হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন- মো. রুমান মিয়া (৪১), মাঈন উদ্দিন (৩৫) ও মো. রাকিব (২৩)। তারা যথাক্রমে নোয়াখালী, রংপুর ও নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় এসআই জাফর আলম, মামলার ভিকটিমের ভাই আলতাফ মোহাম্মদ খালেক এবং গ্রেপ্তার আসামি মো. মেহেদী গুরুতর আহত হন। এছাড়া এসআই মোরশেদ আলম ও সিএনজিচালক মো. তৈয়ব আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে নিয়ে সিএনজিযোগে যাওয়ার পথে নোয়াপাড়ায় পৌঁছালে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। আটকৃতদের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ

















