চট্টগ্রাম রবিবার, ০৭ জুন, ২০২৬

কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি আরফাত গ্রেপ্তার

কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি আরফাত গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

৭ জুন, ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজারে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রিয়াজ উদ্দিন আরফাতকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার আরফাত কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের ঝিরঝিরি পাড়ার আইয়ুব বাবুর্চির ছেলে।

 

শনিবার (৬ জুন) রাত ১০টায় কক্সবাজার শহরের কলাতলী রোডস্থ ‘আলগনি হোটেল’ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে ঝিলংজা এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন আরফাত তাকে বিভিন্ন সময় প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের শারীরিক পরিবর্তন লক্ষ করে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-পরীক্ষার পর চিকিৎসক জানান যে, ওই নাবালিকা শিক্ষার্থী বর্তমানে প্রায় ২৮ সপ্তাহের গর্ভবতী।

 

এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পরিবার বাদী হয়ে কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কলাতলী রোড এলাকায় অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি পলাতক আরফাতকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-১৫-এর কর্মকর্তা আ. ম. ফারুক জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট