রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচে প্রেরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
এ বিষয়ে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে শনিবার (৬ জুন) দুপুরে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি হতে লিংক টহলের মাধ্যমে দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থতা বোধ করলে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তার অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাৎক্ষণিকভাবে বিজিবি হেলিকপ্টারযোগে চট্টগ্রাম তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করা হয়।
বর্তমানে হাবিলদার মো. এলাহান মিয়া সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যই বাহিনীর অমূল্য সম্পদ। তাই দায়িত্ব পালনকালে কোনো সদস্য অসুস্থ বা আহত হলে তার জীবনরক্ষা ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। সদস্যদের কল্যাণ, নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা মানবিক, দায়িত্বশীল ও অঙ্গীকারবদ্ধ। দুর্গম সীমান্ত অঞ্চলেও যাতে কোনো সদস্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে বিজিবি আধুনিক চিকিৎসা সহায়তা ও জরুরি উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ

















