চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযানে মাদক কারবারি, চোরচক্রের সদস্য, এটিএম কার্ড চুরির ঘটনায় অভিযুক্তসহ বিভিন্ন অপরাধে মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৬০০ গ্রাম গাঁজা, দুটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা এবং একটি চুরি যাওয়া এস্কেভেটর উদ্ধার করা হয়।
শনিবার (৬ জুন) বিভিন্ন এলকা থেকে গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিদের সবার বাড়ি জোরারগঞ্জ থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩৮ পুরিয়া (প্রায় ৬০০ গ্রাম) গাঁজাসহ রাকিব হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, চুরি হওয়া দুটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে চোরচক্রের সক্রিয় সদস্য শাহিন সাজু শহীদ, জাবেদ হোসেন ওরফে রাব্বী এবং সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া নিজের মায়ের এটিএম কার্ড চুরি করে ২ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা খরচ করার অভিযোগে সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকায় অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার একটি মামলায় চুরি যাওয়া একটি এস্কেভেটর উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”
পূর্বকোণ/সিজান/পারভেজ

















