চট্টগ্রামের সন্দ্বীপে সারিকাইত বাংলা বাজার এলাকায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আল-আমিন উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খন্ডলাইন্নার গো বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। অভিযোগের পর বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) বিকেল প্রায় ৩টার দিকে সন্দ্বীপ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি থানাহাজতে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত আছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক, এলাকাবাসী ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















