চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ট্রাকের ধাক্কায় মো. মজিবুল হক (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবুল হক উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের আব্দুল হকের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন মজিবুল হক। মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ শরিফুজ্জামান জানান, বড়তাকিয়া এলাকায় একটি গাড়ির ধাক্কায় মজিবুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















