চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসী পাহাড় কাটার সময় অভিযুক্তদের আটক করে প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দীকি এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পাহাড় কাটার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইটভাটার ম্যানেজারকে ৩ মাস এবং গাড়ি চালক মো. কাইছার (২৫) ও মো. জমির উদ্দিনকে (৩০) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর ও একটি ডাম্পার জব্দ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, আমরা এই চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন চেষ্টা চালাচ্ছিলাম। কিন্তু আমাদের আসার খবর পেয়ে প্রতিবারই তারা পালিয়ে যেত।
তিনি আরও জানান, এলাকাবাসীর সাহসী ও তাৎক্ষণিক সহযোগিতার কারণে এবার তাদের আটক করা সম্ভব হয়েছে। পাহাড় ও কৃষিজমি রক্ষায় এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ


















