চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

সর্বশেষ:

৯ মানব পাচারকারী আটক

টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

৬ জুন, ২০২৬ | ৩:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় পাচারকালে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। এসময় মানব পাচারের অভিযোগে ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৬ জুন) দুপুরে টেকনাফ কোস্ট গার্ড কার্যালয়ের স্টেশন কমান্ডার লে. কমান্ডার মো. মুত্তাকিন সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফের সমুদ্র এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় বিপুল সংখ্যক মানুষকে মানবপাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।

পরবর্তীতে ধাওয়া দিয়ে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। আটক বোটে তল্লাশি চালিয়ে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারকালে ৫০ জনকে উদ্ধার এবং ৯ জন মানবপাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। পাচারকারীরা উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।

উদ্ধারকৃত ভুক্তভোগী, আটক বোট ও মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট