দুইদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৪ ও ১৫ জুন প্রধানমন্ত্রী কক্সবাজারে অবস্থান করার কথা রয়েছে। প্রথম দিনেই তিনি জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
গতকাল শুক্রবার গণমাধ্যমকে এই তথ্য জানান কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম।
সফরের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সফরসূচি অনুযায়ী ১৪ জুন বেলা ১১টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিমের কবর জিয়ারত করবেন।
পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং স্থানীয় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিকালে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। সফর শেষে প্রধানমন্ত্রী কক্সবাজারে রাতযাপন করবেন এবং পরদিন স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
পূর্বকোণ/এএইচ

















