কক্সবাজারের মহেশখালীতে মৎস্য প্রকল্পে মাছ ধরার সময় প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সামশুল আলম (৬৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার পশ্চিম পাশে একটি চিংড়িঘেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও ঘটিভাঙ্গা এলাকার পশ্চিম পাশের একটি চিংড়িঘেরে মাছ ধরতে যান সামশুল আলম। মাছ ধরার এক পর্যায়ে প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, অতিরিক্ত তাপমাত্রার কারণে হিটস্ট্রোক করেই তার মৃত্যু হয়েছে।
নিহত সামশুল আলমের ছেলে মো. সেলিম জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মাছ ধরে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারটি এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হিটস্ট্রোকের কারণেই ঐ জেলের মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















