চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

উখিয়া থেকে অপহৃত কিশোর ১২ ঘণ্টার মধ্যে টেকনাফে উদ্ধার

উখিয়া থেকে অপহৃত কিশোর ১২ ঘণ্টার মধ্যে টেকনাফে উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

৫ জুন, ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত ১৮ বছর বয়সী এক কিশোরকে অপহরণের মাত্র ১২ ঘণ্টার মধ্যে টেকনাফ থেকে উদ্ধার করেছে র‌্যাব।

 

(বৃহস্পতিবার) ৪ জুন রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া বাজার এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

 

শুক্রবার (৫ জুন) র‌্যাব এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক ৫ জুন সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন।

 

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ভিকটিম আবছার অপহৃত হন। অপহরণের পর তার পিতা র‌্যাব-১৫ এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথেই র‌্যাব, এর একটি আভিযানিক দল ভিকটিমকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

 

গোপন সংবাদ এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে একই দিন (৪ জুন) রাতে কাঞ্জর পাড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে ভিকটিম আবছারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত কিশোরকে আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট