চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ মাজার পয়েন্ট ব্রিজ এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কাশেম লাতু (৮৫)। তিনি হাশিমপুর ভাই ভাই খলিফা পাড়ার বাসিন্দা ছিলেন।
স্থানীয় বাসিন্দা তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় আবুল কাশেম লাতু মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সড়ক পার হচ্ছিলেন। এই সময় দোহাজারী অভিমুখী একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. জাওয়াদ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করলে প্রায় আধ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের হাতে আটক হওয়া অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















