চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

নিষিদ্ধ ছাত্রলীগের সভা: সাবেক মেয়র-এমপিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নিষিদ্ধ ছাত্রলীগের সভা: সাবেক মেয়র-এমপিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

ফটিকছড়ি সংবাদদাতা

৫ জুন, ২০২৬ | ১০:২৫ অপরাহ্ণ

ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার উদ্যোগে প্রকাশ্যে শোডাউন ও মতবিনিময় সভা করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সাবেক চট্টগ্রাম সিটি মেয়র মঞ্জুরুল আলম মুঞ্জু ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। মামলার পর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ সংলগ্ন এলাকায় সাবেক সিটি মেয়র মঞ্জুরুল আলম মুঞ্জুর নির্মিত একটি বিশ্রামাগারে এই সভাটি অনুষ্ঠিত হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, উক্ত সংগঠনের উপজেলা শাখা শতাধিক নেতাকর্মী নিয়ে সেখানে শোডাউন এবং পরবর্তীতে মতবিনিময় সভা করেন। সভার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং প্রশাসনের নজরে আসে।

 

ফটিকছড়ি থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) অনুযায়ী এই মামলাটি দায়ের করেছে। মামলায় নাম উল্লেখ করা প্রধান আসামিদের মধ্যে রয়েছেন-সাবেক চট্টগ্রাম সিটি মেয়র মঞ্জুরুল আলম মুঞ্জু (৬২), সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনি (৪০), বখতিয়ার সাঈদ ইরান (৪০) ও সাবরিনা চৌধুরী (৩৫)। এছাড়াও মামলার আসামি হিসেবে মো. জামান বাবু (২৩) ও সাইফুল ইসলাম সজিবের (২৫) নাম উল্লেখ করা হয়েছে। মামলায় নামীয় ২৯ জন ছাড়াও আরও ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও যাচাই করে অন্যান্য আসামিদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট