চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে রাতের আঁধারে লবণ লুট: হামলায় আহত ২

বাঁশখালীতে রাতের আঁধারে লবণ লুট: হামলায় আহত ২

বাঁশখালী সংবাদদাতা

৫ জুন, ২০২৬ | ৯:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী ছনুয়ায় রাতের অন্ধকারে গর্তে মজুত করা লবণ লুটপাটের ঘটনা ঘটেছে। এই লুটপাটে বাধা দিতে গিয়ে হামলাকারীদের হাতে ফজল কাদের (৫২)সহ অন্তত দুইজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১০টার দিকে ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শমসের পাড়ায় এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ছনুয়া ইউনিয়নের মনু মিয়াজি বাড়ির বোরহান উদ্দিন মিজানের মালিকানাধীন ৫ কানি (দুই একর) জমি থেকে ৩০০ মণ লবণ উত্তোলন করে একটি বড় গর্তে মজুত রাখা হয়েছিল।

 

অভিযোগ উঠেছে, লবণ মাঠের মালিককে খাজনা না দিয়ে চাষী বহিরাগত লোকবল নিয়ে রাতের অন্ধকারে এই লবণ সরিয়ে ফেলার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী লবণ লুট করতে গেলে মালিকপক্ষের লোকজন বাধা দেন এবং তখনই লুটপাটকারীরা তাদের ওপর হামলা চালিয়ে আহত করে।

 

জমির মালিক বোরহান উদ্দিন মিজান জানান, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত সেখানে পৌঁছান। তার দাবি, পার্শ্ববর্তী আলী হোসেনের ছেলে আখতার হোসেন, জামাল হোসেন ও কামাল উদ্দিন বহিরাগতদের নিয়ে এই লবণ লুটের ঘটনা ঘটিয়েছে।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, ছনুয়া ইউনিয়নে লবণ চুরির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনার তদন্ত চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট